খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম জেলা সফর।
সোমবার (১৬ মার্চ) সকালে তিনি ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন। সকাল ৯টা ৩০ মিনিটে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি। পরে সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে কর্মসূচিস্থলে যাবেন।
বলরামপুরের সাহাপাড়া খালে মাটি কেটে উদ্বোধনের মাধ্যমে দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে আগামী ছয় মাসে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করা হবে। পর্যায়ক্রমে পাঁচ বছরের মধ্যে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধন শেষে তিনি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করবেন এবং পরে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।
সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে তিনটার দিকে দিনাজপুর উপশহর এলাকার ফরিদপুর কবরস্থানে গিয়ে তার নানা-নানি ও অন্যান্য নিকটাত্মীয়ের কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে সুধী সমাবেশে অংশ নেবেন এবং সেখানে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবেন।
দিনাজপুরের কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

