মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আকাশসীমা বন্ধ রাখায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১২ দিনে মোট ৩৯১টি ফ্লাইট বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার ফ্লাইট চলাচলে।
এ পরিস্থিতিতে বুধবার (১১ মার্চ) একদিনেই ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেবিচক সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়।
বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, জাজিরা এয়ারের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট।
সব মিলিয়ে চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৩৯১টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

