পুলিশ প্রশাসনে নতুন করে দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে বিসিএস পুলিশ ক্যাডারের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন উপকমিশনার এবং তিন জেলার পুলিশ সুপার রয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির উপকমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে হবিগঞ্জের বর্তমান পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
এছাড়া চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তার জায়গায় পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। প্রশাসনিক নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, বদলি হওয়া কর্মকর্তারা শিগগিরই তাদের নতুন কর্মস্থলে যোগদান করবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

