গত ডিসেম্বরের শুরুতে পরিচালক রাজ নিদিমোরুকের সঙ্গে দ্বিতীয় জীবন শুরু করেছেন সামান্থা রুথ প্রভু। খানিকটা চুপিসারে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। কিন্তু তারকা হওয়ার সুবাদে কোনো কিছু গোপন থাকেনি।
তাই দাম্পত্য জীবনে সতীর্থদের শুভেচ্ছা এবং ভালোবাসা পেতেও এক মুহূর্ত দেরি হয়নি। কারণ একটাই, অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিয়ে বিচ্ছেদের কারণে গত কয়েক বছর মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছিলেন সামান্থা।
এ জন্যই সামান্থা ও রাজের দাম্পত্য জীবন যেন সুন্দর হয়ে ওঠে, সেই আশীর্বাদ করেছেন চলচ্চিত্র জগতের সুহৃদরা। আর সেই আশীর্বাদ যে অনেকটা ফলে গেছে, তা অকপটে স্বীকার করলেন সামান্থা।
বলিউডে পা রাখা দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রীর কথায়, তারা সব কিছুই একসঙ্গে করেন। কারণ, এটিই তাদের অভ্যাস। এমন নয় যে, সদ্য বিয়ে হয়েছে বলে এমনটা করছেন। তার জীবনে রাজের আসাটা যে একটা আশীর্বাদ, সে কথা বিশ্বাস করেন সামান্থা।

২০২১ সালে যখন বিয়ে বিচ্ছেদের যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিলেন নায়িকা, সেই সময় রাজই তাঁকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনেন। সামান্থার কথায়, রাজ নিদিমোরু সেই ব্যক্তি, যে তাঁর অতীতের সব বিষাদ ধুয়েমুছে দিয়েছেন।
সেই অস্থির সময়ে সহজভাবে কথা বলতেও পারতাম না। কিছু বলতে গেলেই শ্বাসকষ্ট হতো। কিন্তু রাজের কারণে এখন ভালো আছি। ২০২৬ সালকে ঘিরে নতুন সব পরিকল্পনা করতে পারছি। তাই এখন আর জীবনের ইঁদুর দৌড়ে শামিল হতে চাই না।’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

