ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশজুড়ে উপজেলা ও থানা পর্যায়ে কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরে জারি করা এক অফিস আদেশে এই বদলির সিদ্ধান্ত কার্যকর করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় দায়িত্ব পালনরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
বদলিকৃত কর্মকর্তাদের জন্য সময়সীমাও নির্ধারণ করে দিয়েছে ইসি। নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই দিন অপরাহ্ণে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে এটি নির্বাচন কমিশনের নেওয়া সবচেয়ে বড় একক বদলির উদ্যোগ। সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্তরের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।
উল্লেখ্য, একই দিনে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। এ সময় তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও নির্বাচন কমিশনের পাশে থাকার আশ্বাস দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

