রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের সামনে থেকে পাঁচ নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে সন্দেহজনক আচরণের কারণে তাঁদের আটক করা হয়। পরে ছয়জনকেই গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান করছিলেন এবং তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়। প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রয়োজন না হলে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, আটক ব্যক্তিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে বাসভবনের সামনে যান। দায়িত্বে থাকা নিরাপত্তা সদস্যরা তাঁদের সেখান থেকে সরে যেতে অনুরোধ করলেও তাঁরা তা মানেননি। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা পেশায় ভিক্ষুক। জিজ্ঞাসাবাদে কোনো সন্দেহজনক তথ্য না মিললে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

