প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় ভাষণ দেওয়ার কথা থাকলেও সময়সূচিতে পরিবর্তন আনা হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রায় দুই দশক পর চতুর্থবারের মতো সরকার গঠন করলো বিএনপি। দলীয় চেয়ারম্যান হিসেবে এই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। সচিবালয়ে তার প্রথম কর্মদিবসকে কেন্দ্র করে প্রশাসনে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বেলা ১১টার দিকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। এরপর বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। নতুন ১ নম্বর ভবনের তিনতলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে বসে তিনি প্রথম দিনের দাফতরিক কার্যক্রম শুরু করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

