প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন্ন রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রমজানকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী জনগণের বিপুল সমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রিসভার সদস্যদের সুশাসন, জবাবদিহিতা এবং দুর্নীতির প্রশ্নে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী বৈঠকে ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে সরকারি উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা করেছেন এবং দ্রুত এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের তাগিদ দিয়েছেন।
নিজ নিজ মন্ত্রণালয়ের প্রসঙ্গ তুলে ধরে মো. নুরুল হক নুর বলেন, মধ্যপ্রাচ্যভিত্তিক শ্রমবাজার পুনরায় সক্রিয় করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমবাজার সম্প্রসারণে প্রধানমন্ত্রী সফর করলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে—এ বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়েছে।
বৈঠকে সরকার ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলেও জানানো হয়, যার মাধ্যমে প্রশাসনিক গতি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

