নতুন সরকারের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান আজ মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করাবেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বাসসকে জানান, সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের পর বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় যৌথভাবে এ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে।
বঙ্গভবনের এক কর্মকর্তা জানান, দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া।
নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংসদীয় নেতা নির্বাচন করা হবে। এরপর দলের নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি অবহিত করবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আবেদন জানাবেন।
রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে সংসদীয় নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের মনোনয়ন দেবেন। রাষ্ট্রপ্রধান প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পাঠ করাবেন।
সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ বাধ্যতামূলক। নির্বাচন কমিশন গত শুক্রবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের আসনে বসছে। বাকি আসনগুলোতে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

