ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করবেন। সকালেই জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এ উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয় আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সংসদ সচিবালয়ের পাঠানো চিঠি কমিশন গ্রহণ করেছে এবং প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শপথ অনুষ্ঠানে দলভিত্তিকভাবে সদস্যদের শপথ পড়ানো হবে। প্রথমে বিএনপি জোটের নির্বাচিত সদস্যরা, এরপর জামায়াত জোটের প্রতিনিধিরা এবং সবশেষে স্বতন্ত্র প্রার্থীরা শপথ নেবেন।
এবারের নির্বাচনে সরকার গঠনের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে দলটি পেয়েছে ২০৯টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসনে জয়ী হয়েছে।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি ও গণসংহতি আন্দোলন—প্রতিটি দল একটি করে আসনে বিজয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন সাতটি আসনে।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন, সকাল ১০টায় শপথ কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হয়েছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

