নবনির্বাচিত সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করার পর সেনাবাহিনীর সদস্যরা ধাপে ধাপে ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে পুলিশ বাহিনী পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নেওয়া পর্যন্ত সহায়ক ভূমিকা হিসেবে সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে বলে তিনি স্পষ্ট করেন।
সেনাপ্রধান এসব কথা বলেন গতকাল বেলা ১১টায় অনুষ্ঠিত ‘সিএএস দরবার’-এ। ওই অনুষ্ঠানে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। দেশে কর্মরত সেনাসদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
নির্বাচনী দায়িত্ব পালনকালে সেনাসদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের প্রশংসা করে সেনাপ্রধান বলেন, কঠিন ও সংবেদনশীল সময়েও সেনাবাহিনী যে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে, তা দেশের মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিকভাবে অস্থির একটি সময়কে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, যা দেশ ও জনগণ দীর্ঘদিন স্মরণ করবে।
সেনাপ্রধান আরও বলেন, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সেনাবাহিনী সব সময় দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।
বক্তব্যের এক পর্যায়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন। তিনি সেনাসদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

