পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির অনন্য সময়। এই পবিত্র মাসে সিয়াম পালন, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক সহানুভূতি, সম্প্রীতি এবং মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের সুযোগ সৃষ্টি হয়।
তিনি বলেন, মাহে রমজান ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার থেকে সরে এসে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনের প্রেরণা জোগায়। এই মাস মানুষকে সততা, ন্যায়পরায়ণতা, সত্যনিষ্ঠা ও মানবিক মূল্যবোধ চর্চার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে।
প্রধান উপদেষ্টা দেশবাসী ও বিশ্ব মুসলিমদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পবিত্র রমজানের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে যেন সবাই ভোগ-বিলাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত-বন্দেগি, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করে।
বার্তার শেষাংশে তিনি বলেন, মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সব নেক আমল কবুল করেন এবং রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করার তাওফিক দান করেন। একই সঙ্গে তিনি দেশ ও জাতির জন্য শান্তি, ক্ষমা ও সমৃদ্ধি কামনা করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

