AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪২ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ

উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ব্যালট গণনার প্রস্তুতি নিতে শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে যেসব ভোটার লাইনে দাঁড়িয়ে ছিলেন, তাদের ভোট গ্রহণ শেষে গণনা শুরু করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে সকাল সাড়ে ৭টায় সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। টানা ৯ ঘণ্টা বিরতিহীনভাবে ভোট চলে। তবে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। ওই আসনে পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানায়, গণনার সময় প্রথমে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করা হবে। এরপর পৃথকভাবে সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গণনা সম্পন্ন করা হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩২ জন।

ভোটগ্রহণ চলাকালে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে। খুলনার ভৈরবে বিএনপির এক নেতা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। এছাড়া কয়েকটি এলাকায় কেন্দ্র দখল, জালভোটের চেষ্টা এবং হামলা–সংঘর্ষের অভিযোগ ওঠে, এতে কিছু মানুষ আহত হন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে জানানো হয়।

এদিকে সংসদীয় কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জানিয়েছে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোট। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল সাংবাদিকদের এ তথ্য জানান।

নির্বাচন পরিচালনায় এবার দায়িত্ব পালন করেছেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা। এর মধ্যে প্রিসাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।

২৯৯ আসনের এই নির্বাচনে ৬০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৫০টি দল অংশ নেয়। মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৮ জন, যার মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী ছিলেন ৮৩ জন এবং পুরুষ প্রার্থী ১ হাজার ৯৪৬ জন।

নিরাপত্তা নিশ্চিত করতে ভোটের দিন সারাদেশে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসারসহ বিভিন্ন বাহিনী মোতায়েন ছিল। নির্বাচন কমিশনের দাবি, এসব বাহিনীর সমন্বিত তৎপরতায় সার্বিকভাবে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!