গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের জন্য নিজ নিজ ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানাকে সহজ করতে চারটি পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপ, হটলাইন, এসএমএস এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট—এই চারটি মাধ্যমে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে।
যেভাবে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর
১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
ভোটাররা গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন।
অ্যাপে প্রবেশ করে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।
২. হটলাইন নম্বর ১০৫
সরাসরি কথা বলে তথ্য জানতে ভোটাররা ১০৫ নম্বরে কল করতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ ক্ষেত্রে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।
৩. এসএমএস সেবা
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানানো হবে।
৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট
ভোটাররা ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল ব্রাউজার ব্যবহার করে নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd)–এ প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করে তথ্য জানতে পারবেন।
এখানে দুইভাবে তথ্য পাওয়া যাবে—
>নির্বাচনী এলাকা বা উপজেলা/থানা নির্বাচন করে ভোটকেন্দ্রের তালিকা দেখা
>এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে সরাসরি ভোটার নম্বর ও ভোটকেন্দ্র অনুসন্ধান
এ ছাড়া ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব এবং সেখানে যাওয়ার পথ দেখার সুবিধাও থাকছে।
আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

