নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সারাদেশে যথেষ্ট সহায়ক পরিবেশ বিদ্যমান রয়েছে। তিনি দৃঢ়ভাবে জানান, এবার কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন সংশ্লিষ্ট সবাই প্রতিজ্ঞাবদ্ধ। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রায় ১৮ লাখ নির্বাচন কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন। তাদের মধ্যে একটি ইতিবাচক মানসিকতা কাজ করছে। তিনি আরও বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগের তুলনায় ভালো।
আব্দুর রহমানেল মাছউদ জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের চাপ নেই। তবে নির্বাচনকে আরও সহজ ও গ্রহণযোগ্য করতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, নির্বাচন কমিশনের স্পষ্ট অবস্থান হলো—যে কোনো কার্যক্রম যদি নির্বাচনের বিপক্ষে যায়, কমিশন তা সমর্থন করবে না। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জনগণকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বড় দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলছেন। কমিশনের অনুরোধে পোস্টার অপসারণ ও নির্ধারিত সফর বাতিল করার ঘটনাও এর প্রমাণ।
রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, দলগুলোর নেতারা একে অপরের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছেন, তা নির্বাচনী প্রতিযোগিতার অংশ এবং রাজনৈতিক কৌশল হিসেবেই দেখা হচ্ছে। তবে সহিংসতা ও হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

