ব্যবহৃত মোবাইল ফোন অন্যের কাছে হস্তান্তর বা বিক্রির আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালুর পর এ নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম পুরোপুরি কার্যকর করা হয়েছে।
বিটিআরসি জানায়, এই সিস্টেম চালুর ফলে বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে সক্রিয় থাকা সব বৈধ মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় এসেছে। এর মাধ্যমে অবৈধ ও চোরাই মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তন করা হলে কিংবা ফোনটি অন্য কারও ব্যবহারের জন্য হস্তান্তর বা বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি আগে ডি-রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে যুক্ত নিবন্ধন বাতিল করা বাধ্যতামূলক।
ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য সিম ক্রয়ের সময় ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে বলে জানিয়েছে বিটিআরসি।
ডি-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিটিআরসি’র ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করার পাশাপাশি কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া নিকটস্থ মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকেও প্রয়োজনীয় সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

