দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের মূল্য সমন্বয় করে ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, যা দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ।
বুধবার (২৮ জানুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়। আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন ঘোষিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ভরিতে ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সেদিন ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা, যা এতদিন সর্বোচ্চ ছিল।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১২ দফা দাম বেড়েছে এবং তিন দফা কমানো হয়েছে। অপরদিকে ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার—যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দর অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ৭৫৭ টাকায়, যা রুপার ক্ষেত্রেও দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এছাড়া ২১ ক্যারেটের রুপা ভরিতে ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৭৮২ টাকায় বেচাকেনা হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ১১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে আট দফা দাম বেড়েছে এবং তিন দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় হয়েছিল মোট ১৩ বার—যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং তিনবার কমেছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

