আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে কমিশনের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা—এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর সোয়া বারোটার দিকে রাজধানীর গুলশানে একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন যে প্রস্তুতি গ্রহণ করেছে, তার বিস্তারিত আজ কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নির্বাচন পরিচালনায় কমিশনের ভূমিকার প্রশংসা করেছেন।
তিনি আরও জানান, কমিশনের সব কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে—এমন আশ্বাস বিদেশি প্রতিনিধিদের দেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা কারচুপির সুযোগ নেই বলেও তাদের জানানো হয়। একটি বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব হবে বলে কূটনীতিকরাও আশাবাদ ব্যক্ত করেছেন।
নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ভোটকেন্দ্র ও সার্বিক নির্বাচনি পরিবেশ নিরাপদ রাখতে পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনার কথা কূটনীতিকদের অবহিত করা হয়েছে।
তিনি বলেন, কমিশনের উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা বিদেশি প্রতিনিধিরা স্পষ্টভাবে অনুধাবন করেছেন। একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই কমিশনের মূল লক্ষ্য—এ বিষয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
এর আগে সকাল থেকে গুলশানের ওই হোটেলের বলরুমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নির্বাচন কমিশনারবৃন্দ, ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নির্বাচনের প্রস্তুতি, প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ, স্বচ্ছতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো কূটনীতিকদের অবহিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

