নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনৈতিক কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। মঙ্গলবার (২০ জানুয়ারি) কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।
বাংলাদেশে ভারতের প্রধান কূটনৈতিক মিশন ঢাকায় অবস্থিত। পাশাপাশি খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এসব মিশনে কর্মরত কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের পর্যায়ক্রমে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এই পদক্ষেপ কেবল সতর্কতামূলক। ঢাকায় অবস্থিত হাইকমিশনসহ সব সহকারী হাইকমিশন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো স্বাভাবিকভাবেই খোলা থাকবে এবং কূটনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কূটনৈতিক ও প্রশাসনিক কাজে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ভারতের এই সিদ্ধান্তকে পরিস্থিতি মূল্যায়নের অংশ হিসেবেই দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

