প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন এবং এতে কোনো ধরনের আইনগত বা প্রশাসনিক প্রতিবন্ধকতা নেই। তিনি বলেন, দেশের শাসনব্যবস্থায় যেন অতীতের স্বৈরতান্ত্রিক চর্চার পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গণভোট প্রচার ও ভোটার সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, কোনো একক ব্যক্তির ইচ্ছানির্ভর রাষ্ট্র পরিচালনা যেন আর না হয়—এই দায়িত্ব শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে জাতির ওপর ন্যস্ত হয়েছে। তিনি উল্লেখ করেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারের ওপর যে দায়িত্ব এসেছে, তা হলো রাষ্ট্র সংস্কার, মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা এবং একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন।
তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় এলে জুলাই সনদকে সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, স্বাধীন বিচার বিভাগ এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

