ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে আগমনী ভিসাসহ (অন অ্যারাইভাল ভিসা) সব ধরনের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার।
সোমবার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের সই করা এক আদেশে এসব নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান ভিসা নীতিমালা ২০০৬ এবং পরবর্তীতে জারি করা প্রজ্ঞাপনের শর্ত যথাযথভাবে অনুসরণ করে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন ও দূতাবাস থেকে সুনির্দিষ্ট ভিসা প্রদান করতে হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।
বিনা ভিসায় আগত বিদেশিদের ক্ষেত্রে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা পরিপত্র অনুসরণ করে আগমনী ভিসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অন অ্যারাইভাল ভিসা প্রদানের সময় আগমনের উদ্দেশ্য, স্পন্সরকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, হোটেল বা আবাসস্থল, ফিরতি টিকিটসহ সংশ্লিষ্ট কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। কোনো অনিয়ম, ব্যত্যয় বা সন্দেহ দেখা দিলে ভিসা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।
এছাড়া নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের (প্রয়োজনে তথ্য মন্ত্রণালয়) সুপারিশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্ধারিত নির্বাচনকালীন সময়ের জন্য ‘নির্বাচন পর্যবেক্ষণ’ লেখা সিলসহ আগমনী ভিসা দেওয়া হবে। নির্বাচন কমিশনের সুপারিশে পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফের সুযোগও রাখা হয়েছে।
একই সঙ্গে আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থল ও নৌ-বন্দরে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান, আগমন ও প্রস্থানের সময় স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ এবং আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও নৌ-বন্দর থেকে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান ও আগমন-প্রস্থানের বিস্তারিত তথ্য প্রতিদিন নিয়মিতভাবে এক্সেল ফরমেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বহিরাগমন অনুবিভাগ) বরাবর ই-মেইলে পাঠাতে হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

