সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় সোমবার ভোরে ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন টের পান স্থানীয়রা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। ভূকম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে সিলেট নগরী ও আশপাশের এলাকার বাসিন্দারা ফেসবুকে কম্পন অনুভব করার অভিজ্ঞতা শেয়ার করেন।
এর আগেও সিলেট অঞ্চলে ভূমিকম্পের ঘটনা ঘটেছে। গত বছরের ১০ ডিসেম্বর মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সেখানে দু’বার ভূকম্পন অনুভূত হয়। ওই দিন রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম এবং ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় দফা কম্পন রেকর্ড করা হয়।
সর্বশেষ এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

