আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার সুযোগ আজ থেকে শুরু হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল গ্রহণের জন্য বিশেষ কেন্দ্র চালু করা হয়েছে। এখানে অঞ্চলভিত্তিক মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে।
ইসি সূত্র জানায়, আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুব্ধ প্রার্থী, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী সংস্থা কিংবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি আপিল আবেদন করতে পারবেন।
অঞ্চলভিত্তিক বুথ বিন্যাস:
বুথ–১ (খুলনা অঞ্চল): মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা।
বুথ–২ (রাজশাহী অঞ্চল): জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা।
বুথ–৩ (রংপুর অঞ্চল): পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা।
বুথ–৪ (চট্টগ্রাম অঞ্চল): চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান।
বুথ–৫ (কুমিল্লা অঞ্চল): ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর।
বুথ–৬ (সিলেট অঞ্চল): সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
বুথ–৭ (ঢাকা অঞ্চল): টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ।
বুথ–৮ (ময়মনসিংহ অঞ্চল): জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা।
বুথ–৯ (বরিশাল অঞ্চল): বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর।
বুথ–১০ (ফরিদপুর অঞ্চল): রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।
এর আগে রোববার বিকেল ৫টায় দেশব্যাপী মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, বাছাই শেষে বৈধ ও বাতিল হওয়া মনোনয়নপত্রের সংখ্যা শিগগিরই প্রকাশ করা হবে।
ইসির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংক্রান্ত আপিলসমূহ আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি ২০২৬ সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে।
আপিল দায়েরের নিয়মাবলি:
নির্ধারিত ফরমে কমিশন সচিবের কাছে আপিল আবেদন করতে হবে।মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ এবং সংশ্লিষ্ট আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে।একটি মূল কপিসহ মোট সাতটি কপি জমা দিতে হবে।আপিল আবেদন সংশ্লিষ্ট অঞ্চলের নির্ধারিত বুথে জমা দিতে হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, প্রার্থী ও সংশ্লিষ্ট সবাইকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫’ অনুসরণ করতে হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

