বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ তো বটেই, মুসলিম বিশ্বের ইতিহাসেও এটি অন্যতম বৃহৎ জানাজা হিসেবে বিবেচিত হচ্ছে। লাখো মানুষের অংশগ্রহণে শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত হয় এই নামাজে জানাজা।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব।
জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা। এ ছাড়া বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, বিশিষ্টজন এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
দুপুরের পর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে মানুষের ঢল নামে। বিপুল জনসমাগমে তিল ধারণের জায়গা ছিল না। জানাজার কাতার একদিকে বিজয় সরণি হয়ে কারওয়ান বাজার পর্যন্ত এবং অন্যদিকে আগারগাঁও এলাকা পর্যন্ত বিস্তৃত হয়।
এর আগে বেলা পৌনে ১২টার দিকে গুলশান থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িবহর জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছায়।
এই জানাজায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধি, কূটনৈতিক মিশনের সদস্য, বিএনপির নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীকে শেষ বিদায় জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

