আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির সংগঠক শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ, র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে মামলার অগ্রগতি বিবেচনায় তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এ পর্যন্ত মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন এবং সহযোগীরাও রয়েছেন। তাদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ৪ জন সাক্ষী ১৬৪ ধারায় বক্তব্য দিয়েছেন।
তদন্তে জব্দ করা আলামতের মধ্যে রয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি ও ম্যাগাজিন, ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, গুলির খোসা ও বুলেট। এছাড়া প্রায় ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট সংশ্লিষ্ট বিপুল অঙ্কের চেকও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রাপ্ত তথ্য, সাক্ষ্যপ্রমাণ ও উদ্ধারকৃত আলামত বিশ্লেষণ করে আগামী ১০ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তিনি এ বিষয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
তিনি আরও জানান, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে।
এ সময় তিনি অভিযোগ করেন, কিছু দুষ্কৃতকারী ও ফ্যাসিবাদী শক্তির অনুসারীরা বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গত ২৬ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১০ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া দেশের বিভিন্ন সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

