অন্তর্বর্তী সরকারের সময়কালেই শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চে চলমান অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান জানান, শহীদ হাদির পরিবারের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে। তিনি বলেন, “এই দেশের মাটিতে, অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ের মধ্যেই যারা হাদিকে হত্যা করেছে, তাদের বিচারের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, হাদির মৃত্যু ছিল অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক। “আমি তাকে আমার ভাইয়ের মতো ভাবতাম। দেশের জন্য তার আত্মত্যাগ আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। যে মানুষটির জানাজায় ১২ থেকে ১৫ লাখ মানুষ অংশ নিয়েছেন, তার হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব,”—বলেন তিনি।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার হয়তো আন্দোলনকারীদের মতো রাজপথে অবস্থান করছে না, তবে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে সরকার নিরলসভাবে কাজ করছে। তদন্তের স্বার্থে এমন কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না, যা অপরাধীদের জন্য সহায়ক হতে পারে।
তিনি জানান, সব ধরনের ফরেনসিক ও প্রমাণ যাচাই শেষে একটি শক্ত ও নির্ভুল চার্জশিট দাখিল করা হবে। “ইনশাআল্লাহ, ২০২৫ সালের ৭ জানুয়ারির পর চার্জশিট দেওয়া হবে এবং সরকারের মেয়াদেই দ্রুত বিচার সম্পন্ন করা হবে,”—বলেন রিজওয়ানা হাসান।
অতীতের একটি হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, আসিয়া হত্যাকাণ্ডে মাত্র ছয় কার্যদিবসের মধ্যে বিচার শেষ করা সম্ভব হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবারও কোনো ফাঁকফোকর ছাড়াই মামলা পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, অভিযুক্ত কেউ বিদেশে অবস্থান করলে তাদের বিরুদ্ধে অনুপস্থিতিতে (ইন অ্যাবসেনশিয়া) বিচার চলবে। পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পলাতকদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ বিষয়ে ভারত সরকারকে অবহিত করা হয়েছে এবং সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি।
তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ সম্ভব নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, রোববার সকাল সাড়ে ৬টায় ডিবি পুলিশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

