ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে আলোচিত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো নির্ভরযোগ্য বা সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) খন্দকার রফিকুল ইসলাম।
রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে ‘ডেভিল হান্ট ফেজ–২’ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত আইজিপি জানান, ফয়সাল দেশের বাইরে পালিয়ে গেছে— এমন তথ্য এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, যা তদন্ত কার্যক্রমকে জটিল করে তোলে।
তিনি আরও বলেন, হাদি হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে কাজ করছে। এ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঘটনার প্রকৃত নেপথ্য কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

