AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন ইনকিলাব মঞ্চ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০৭ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৫

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন শেষে সাধারণ জনগণকে শাহবাগে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার দাবি জানানো হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) জানাজার আগ মুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ সময়সীমা ঘোষণা করেন। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে গত এক সপ্তাহে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে জনসমক্ষে স্পষ্ট বক্তব্য দিতে হবে।

আবদুল্লাহ আল জাবের আরও বলেন, এক সপ্তাহ পেরিয়ে গেলেও হামলাকারীদের গ্রেপ্তার না হওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তবে কোনো ধরনের সহিংসতায় জড়ানোর আহ্বানে সাড়া না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেই পরবর্তী কর্মসূচি ও সিদ্ধান্ত জানানো হবে।

জানাজা অনুষ্ঠানে এর আগে বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা। তিনি শহীদ হাদির রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। এরপর বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। সবশেষে শহীদ হাদির বড় ভাই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং তিনিই জানাজার নামাজে ইমামতি করেন।

এর আগে সকালে ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে গোসলের জন্য মরদেহ রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে।

ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা ও দূরদূরান্ত থেকে মানুষ হাসপাতালে এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জড়ো হতে থাকেন। জানাজায় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীতে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচার করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!