শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে বহনকারী গাড়িটি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ।
এর আগে, বিকেল ৫টা ৪৯ মিনিটে হাদিকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
কর্মসূচিতে পরিবর্তন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহটি হিমাগারে রাখার পর সংগঠনের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবেন। পূর্বনির্ধারিত কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। সেই ইচ্ছা অনুযায়ী এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় শুক্রবারের পরিবর্তে আগামীকাল শনিবার মিছিলসহ মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
জানাজা ও দাফন আগামীকাল শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে জাতীয় কবির কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুপ্রবেশকারী ঠেকাতে সতর্কতা সংগঠনটি ছাত্র-জনতাকে অত্যন্ত শৃঙ্খলার সাথে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। আন্দোলনের ভেতর যাতে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী বা তৃতীয় পক্ষ অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা ও সহিংসতা ছড়াতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে।
মরদেহ দেখার সুযোগ থাকছে না ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আরও জানানো হয় যে, বর্তমান পরিস্থিতিতে মরদেহ দেখার কোনো সুযোগ থাকছে না। তারা সকলকে ধৈর্য ধারণ করার এবং শহীদ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করার অনুরোধ জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

