অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু করেছে যৌথবাহিনী।
একদিনে ৪০ হাজারের বেশি যানবাহনে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
শাহাদাত হোসাইন জানান, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেফতার করা হয়েছে এক হাজার ৩৯৮ জনকে। এছাড়া মামলা ও ওয়ারেন্ট মূলে ৫২৩ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় এক হাজার ৯২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানিক কার্যক্রমে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য উদ্দেশ্য সংক্রান্ত তথ্য জানানো হয়, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ইউনিটের চন্দ্রিমা থানা চেকপোস্ট চলাকালীন তাজা বুলেট একটি ও ফায়ারকৃত গুলি একটি উদ্ধার করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানা একটি পিস্তল, পাঁচটি দেশীয় অস্ত্র (কিলার গিয়ার), তিনটি ছোরা ও একটি সামুরাই উদ্ধার করে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কাশিমপুর থানা পুলিশ চেকপোস্ট চলার সময়ে দুটি ধারালো ছুরি উদ্ধার করে। এ নিয়ে মোট একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি বন্দুক, তিনটি রাউন্ড গুলি, ফায়ারকৃত একটি গুলি, তিনটি কার্তুজ, ১১টি দেশীয় অস্ত্র ও ২২টি ককটেল উদ্ধার করে।
এছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২১ হাজার ৬৩০টি মোটরসাইকেল ও ১৯ হাজার ৯৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া থানা চেকপোস্ট চলাকালীন একটি একনলা বন্দুক উদ্ধার করে। এছাড়াও টেকনাফ থানা একটি ওয়ান শুটার গান ও তিনটি কার্তুজ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা জেলার থানায় ৯টি ককটেল বোমা সাদৃশ্য বস্তু, পিস্তলের একটি গুলি ও রাইফেলের একটি গুলি উদ্ধার করে। ফরিদপুর জেলায় তিনটি ককটেল বোমা উদ্ধার করা হয়। বগুড়া জেলায় চেকপোস্ট চলার সময়ে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

