আফ্রিকার সুদান অঞ্চলের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে পরিচালিত কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করা হয়েছে। ওই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্য প্রাণ হারিয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে আবেই অঞ্চলে অবস্থিত কাদুগলি লজিস্টিক বেসে একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। ওই হামলায় দায়িত্ব পালনরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আটজন আহত হন।
হামলায় শহীদ হওয়া বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন—কর্পোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা (রাজবাড়ী), সৈনিক শান্ত মন্ডল (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ), লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)
আহত শান্তিরক্ষীদের মধ্যে রয়েছেন—লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, কর্পোরাল আফরোজা পারভিন ইতি, ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, সৈনিক মো. মেজবাউল কবির, সৈনিক মোছা. উম্মে হানি আক্তার, সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স ও সৈনিক মো. মানাজির আহসান বীর (নোয়াখালী) ।
আইএসপিআর আরও জানায়, আহত আটজনকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত সৈনিক মো. মেজবাউল কবিরের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অন্য সাতজন আহত শান্তিরক্ষীকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা সবাই এখন শঙ্কামুক্ত।
বাংলাদেশ সেনাবাহিনী এই বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অটল প্রতিশ্রুতির এক গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

