পবিত্র ঈদুল আজহার ছুটির পর কর্মস্থলে ফেরার প্রস্তুতিতে যাত্রীদের জন্য ফিরতি ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ ৪ জুন,বুধবার সকাল ৮টা থেকে অনলাইনে ১৪ জুনের ট্রেনের টিকিট কেনা যাচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। পুরো প্রক্রিয়াটি শতভাগ অনলাইনভিত্তিক হওয়ায় যাত্রীরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারছেন।
রেল কর্তৃপক্ষ জানায়, ঈদের পরবর্তী সাত দিনের জন্য প্রতিদিনই নির্ধারিত দিনে টিকিট বিক্রি করা হবে। সেই ধারাবাহিকতায় আজ ১৪ জুনের টিকিট পাওয়া যাচ্ছে। আগামীকাল ৫ জুন বিক্রি হবে ১৫ জুনের টিকিট।
নিয়ম অনুযায়ী, এক ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং সহযাত্রীদের নাম দিতে হবে টিকিট কাটার সময়েই। এসব টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকবে না।
এদিকে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ বাড়তি নিরাপত্তা, সময়সূচি অনুসরণ এবং অনলাইন সেবার মান উন্নয়নে বিশেষ ব্যবস্থা নিয়েছে।
একুশে সংবাদ //এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

