কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করেছেন অবঃ মেজর সিনহা হত্যা মামলায় অভিযুক্ত পলাতক আসামী কনস্টেবল সাগর দেব।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন তিনি। আদালত তার জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৭ জুন দিন ধার্য করেছেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম জানান, কনস্টেবল সাগর দেব টেকনাফ থানায় কর্মরত ছিলেন। তিনি সিনহা হত্যা মামলায় অভিযুক্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাশের অন্যতম সহযোগী।
পলাতক আসামী হিসেবে ২০২০ সালের ২১ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।
আসামী সাগর দেবের পক্ষে আদালতে জামিন আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী দীলিপ কুমার দাশ।
এদিকে, আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় ২০২০ সালের ১৩ ডিসেম্বর কনস্টেবল সাগর দেবসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.খায়রুল ইসলাম।
ওই বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনায় গত ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি এবং টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ নয়জন পুলিশ সদস্যকে আসামি করা হয়। আদালত মামলাটির তদন্ত করার আদেশ দেন র্যাবকে।
একুশে সংবাদ/শাহা/ব



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

