বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক কমিটির নির্বাচন স্থগিত চেয়ে করা সম্পূরক আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালতের এ সিদ্ধান্তের ফলে আগামী ৭ জুন নির্ধারিত বিসিবি নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিম এম রহমান।
শুনানি শেষে ব্যারিস্টার মাহিম এম রহমান সাংবাদিকদের বলেন, আদালত বিসিবির নির্বাচন স্থগিত চেয়ে করা সম্পূরক আবেদনটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আদালত স্পষ্ট করেছেন যে, এ আবেদনের ভিত্তিতে বিসিবির নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হবে না।
তিনি আরও জানান, মোহাম্মদ মোশাররফ নামে এক ব্যক্তি গত মার্চে বিসিবির গঠনতন্ত্রের একটি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন।
পরবর্তীতে বিচারাধীন ওই রিটের সঙ্গে সম্পূরক আবেদন যুক্ত করে ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচন স্থগিতের আবেদন জানানো হয়। তবে আদালত এ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত দিয়েছেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

