জুলাই আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারিক কার্যক্রম চলছে, যা সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় পাঠ শুরু করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায়ের শুরুতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান আবু সাঈদের প্রসঙ্গ তুলে বলেন, তিনি দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু তিনি বুঝতে পারেননি তার সামনে ‘মানুষ নয়, অমানুষ’ দাঁড়িয়ে ছিল।
এই মামলায় মোট ৩০ জন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। তাদের মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তি।
মামলার তদন্ত প্রতিবেদন ২০২৫ সালের ২৪ জুন দাখিল করা হয়। পরে ৬ আগস্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ২৭ আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ, যেখানে তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জন সাক্ষ্য দেন।
বহুল আলোচিত এই মামলার রায়ের দিকে এখন দেশজুড়ে নজর রয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

