ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে অভিযোগ করা হয়, হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট ‘অপরাধমূলক’ সিদ্ধান্তে জড়িতদের বিষয়ে তদন্ত প্রয়োজন। এ প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।
আইনজীবী আশরাফুল ইসলাম দাবি করেন, দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে, ইতোমধ্যে বহু শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে এবং অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নোটিশে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী ও মোস্তফা সরয়ার ফারুকীসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদের বিষয়েও তদন্তের দাবি জানানো হয়েছে।
এতে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, এটি পাওয়ার পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের বিদেশ গমন স্থগিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

