গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল–১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
একই রায়ে আরও চারজন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুর রশীদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ।
মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালে গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের তৎকালীন সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু খুন হন। এ ঘটনায় একই বছরের ১৯ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর থানায় বাসুর ছোট ভাই জাসু শেখ হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার তদন্ত শেষে ২০১৬ সালের ১২ জুলাই গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক হযরত আলী মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে ২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জের তৎকালীন দায়রা জজ মো. দলিল উদ্দিন অভিযোগ গঠন করে মামলার বিচার শুরুর নির্দেশ দেন।
বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে মামলাটি ২০১৮ সালের ১৬ আগস্ট দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল–১ এ স্থানান্তর করা হয়। দীর্ঘ শুনানি শেষে ট্রাইব্যুনালে আসামিদের বিচার কার্যক্রম সম্পন্ন করে আজ রায় ঘোষণা করা হলো।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

