জুলাই গণঅভ্যুত্থানের সময় ধানমন্ডি থানার সাহেদ আলীসহ ১০ জনকে হত্যাচেষ্টার মামলায় ভুক্তভোগীদের সন্ধান না পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্যটি ঢাকা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে।
আসামিদের মধ্যে রয়েছেন— শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, জুনাইদ আহমেদ পলক, জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনানসহ ১১৩ জন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক শাহজাহান ভূঞাঁ গত ৫ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এতে উল্লেখ করা হয়েছে, আহতদের খুঁজে পাওয়া যায়নি। পরবর্তী শুনানি আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
মামলা ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় সীমান্ত স্কয়ার থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ৪ আগস্ট ধানমন্ডি ২৭-এর মীনা বাজারের সামনে সাহেদ আলী আহত হন। এ সময় ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীসহ মোট ৯ জন আহত হন। ঘটনার পর চারজনকে গ্রেফতার করা হয়।
তদন্তকালে পিবিআই আহতদের খুঁজে পায়নি। বাদীকে নোটিশ দেওয়া হলেও তার ভাইসহ ভুক্তভোগীরা হাজির হননি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও দীর্ঘদিন কোনো তথ্য পাওয়া যায়নি এবং চিকিৎসা সংক্রান্ত কোনো নথি দাখিল করা হয়নি।
এই প্রেক্ষাপটে পিবিআই মামলা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনের অব্যাহতির সুপারিশ করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

