বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংবিধানের বিধান অনুযায়ী আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতির দায়িত্ব প্রদান করেন। নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সংবিধান অনুযায়ী বয়সসীমা পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। তিনি দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন। সাধারণত আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকেই এই নিয়োগ দেওয়া হয়, যদিও অতীতে জ্যেষ্ঠতার ক্ষেত্রে ব্যতিক্রমের নজির রয়েছে।
সংবিধান সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়েছে, আপিল বিভাগের বিচারকদের মধ্যে মেয়াদের ভিত্তিতে জ্যেষ্ঠতম বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া উচিত। বর্তমানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম। তাঁর পরেই ছিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জেলা জজ আদালতে আইন পেশা শুরু করেন। ১৯৮৭ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর তাঁর নিয়োগ স্থায়ী হয়। পরবর্তীতে ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রিও সম্পন্ন করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

