পূর্বাচলের নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ২৭ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।
রোববার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত–৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক আসামির পক্ষে যুক্তিতর্ক শেষ হওয়ার পর এ দিন ধার্য করেন। বাকি আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো যুক্তিতর্ক উপস্থাপন করা হয়নি এবং তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগও পাননি।
দুদকের পক্ষ থেকে প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান (লিপন) যুক্তিতর্কে শেখ হাসিনাসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি—যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানান। মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট–ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম আদালতে হাজির ছিলেন। তার আইনজীবী অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে খালাস চান।
পূর্বাচলে অনিয়ম করে প্লট বরাদ্দের অভিযোগে দুদক গত জানুয়ারিতে পৃথক ৬টি মামলা দায়ের করে। মামলার আসামিদের মধ্যে আছেন:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সায়মা ওয়াজেদ বোন শেখ রেহানা ও তার তিন সন্তান—টিউলিপ সিদ্দিক, রাদওয়ান সিদ্দিক, আজমিনা সিদ্দিক ।
এ ছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিনও আসামির তালিকায় রয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হয়েও ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেওয়া হয়েছিল।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

