AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চার মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৩৭ পিএম, ২ জুলাই, ২০২৬

চার মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও কমেছে। টানা তিন কার্যদিবসের দরপতনে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দাম চার মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৮টা ৫৬ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেলপ্রতি ৭৭ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ৭০ দশমিক ৮০ মার্কিন ডলারে নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৪ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ কমে ৬৭ দশমিক ৭৪ ডলারে লেনদেন হয়।

এর আগের কার্যদিবসেও দুই বেঞ্চমার্কের দাম ১ শতাংশের বেশি কমেছিল।

বিশ্লেষকদের মতে, কাতারের রাজধানী দোহায় কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনায় অগ্রগতির ইঙ্গিত এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক থাকার সম্ভাবনা বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কমিয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) পোস্টে জানানো হয়, গত জুনে যুদ্ধবিরতির লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। যদিও এখনো স্থায়ী সমঝোতা হয়নি, তবুও বাজারে সরবরাহ স্বাভাবিক থাকার প্রত্যাশা তেলের দামে চাপ সৃষ্টি করেছে।

চীনের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান হাইতং ফিউচার্স জানিয়েছে, হরমুজ প্রণালি খোলা থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে শঙ্কা কমেছে। পাশাপাশি উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাজারের অংশীদারিত্ব ধরে রাখার প্রতিযোগিতাও মূল্যহ্রাসে ভূমিকা রাখছে।

আগামী রোববার ওপেক+ জোটের বৈঠকে আগস্ট মাস থেকে তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বলেও বিভিন্ন সূত্র জানিয়েছে।

এদিকে, সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংক ইউবিএস ব্রেন্ট ক্রুডের মূল্য পূর্বাভাস কমিয়েছে। ব্যাংকটির নতুন পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয়ার্ধে ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি ৮০ ডলার এবং ২০২৭ সালে গড়ে ৭৫ ডলার থাকতে পারে।

তবে ইউবিএস সতর্ক করে বলেছে, পারস্য উপসাগরে তেলের ট্যাংকার চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে পরিস্থিতির অবনতি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে আবারও অস্থিরতা দেখা দিতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!