পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে লাহোরের কাহনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, নিহত শিশুদের বয়স ৫ থেকে ১৬ বছরের মধ্যে, যার বেশিরভাগই ৯ বছরের কম বয়সী।
পাঞ্জাবের জরুরি সেবা বিভাগ জানায়, দুর্ঘটনার সময় কোচিং সেন্টারে প্রায় ২২ জন শিশু ও একজন নারী শিক্ষক উপস্থিত ছিলেন। ছাদ ধসে পড়ার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের বের করে আনেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, উদ্ধার অভিযান শেষে রেসকিউ ১১২২-এর মুখপাত্র জানান, আহত আট শিশু ও ৩০ বছর বয়সী নারী শিক্ষককে লাহোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিশুদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা গুরুতর।
পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজম বোখারি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, কোচিং সেন্টারটি নিবন্ধিত ছিল না। এটি একটি ব্যক্তিমালিকানাধীন আবাসিক ভবনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ অংশে পরিচালিত হচ্ছিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তজুড়ে এ ধরনের কোচিং সেন্টার ব্যাপকভাবে প্রচলিত, যেখানে স্কুলের পাঠশেষে শিক্ষার্থীরা অতিরিক্ত শিক্ষা গ্রহণ করে।
ঘটনার পর আজম বোখারি বলেন, তদন্তে যদি অবহেলা, নিরাপত্তা বিধি লঙ্ঘন বা অন্য কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে ঝুঁকিপূর্ণ ভবনগুলো পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনিবন্ধিত কোচিং সেন্টার ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়িয়ে কঠোর নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

