হরমুজ প্রণালিকে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ক্যালিবাফ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হলেও এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর ইরানের সার্বভৌম কর্তৃত্বে কোনো পরিবর্তন আসবে না।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যালিবাফ জানান, সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালিতে নৌযান চলাচল-সংক্রান্ত সেবামূল্যের ক্ষেত্রে কেবল ৬০ দিনের জন্য একটি অস্থায়ী ছাড় দেওয়া হয়েছে। তবে এর বাইরে জলপথটির নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব পুরোপুরি ইরানের হাতেই থাকবে।
ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে তিনি বলেন, হরমুজ প্রণালি ইরানের আঞ্চলিক জলসীমার অংশ এবং এ বিষয়ে দেশটির অবস্থান অপরিবর্তিত থাকবে। তার ভাষ্য, ইরান এই জলপথকে সামরিকীকরণ করেছে—এমন অভিযোগ তুলে কোনো বিতর্ক সৃষ্টি করার সুযোগ কাউকে দেওয়া হবে না।
ক্যালিবাফ আরও বলেন, যেকোনো পরিস্থিতিতে তেহরান তার অবস্থান থেকে সরে আসবে না এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।
হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব তুলে ধরে ইরানের পার্লামেন্ট স্পিকার একে দেশের জন্য একটি ‘ঐশ্বরিক উপহার’ হিসেবে বর্ণনা করেন। তার মতে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে এই জলপথ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তিগুলোর একটি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

