কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের বৈঠকের পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী কয়েক দিনে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার খবর সঠিক নয়।
মঙ্গলবার (৩০ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানান। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের খবর তিনি নাকচ করে দেন।
ইসমাইল বাঘাই বলেন, দোহায় আলোচনার বিষয় হতে পারে পূর্ববর্তী সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়ন। এর মধ্যে কাতারে আটকে থাকা ইরানের সম্পদ ছাড়ের বিষয়ও রয়েছে। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়ে বৈঠকের সূচি বা পরিকল্পনা নেই বলে তিনি উল্লেখ করেন।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর ইরানই যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছে।
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, দেশটিতে সংরক্ষিত ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলারের অবরুদ্ধ তহবিল হস্তান্তরের বিষয়টি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করছে। এ কারণে অর্থগুলো এখনো ইরানে পাঠানো হয়নি।
কাতার আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ বর্তমানে দোহায় অবস্থান করছেন। তবে তাদের সঙ্গে ইরানি প্রতিনিধিদের কোনো বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়নি।
অন্যদিকে, আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েলি বাহিনী গাজায় নতুন হামলা চালিয়েছে, যাতে অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকাতেও নতুন করে হামলার খবর পাওয়া গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

