AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৫৩ পিএম, ২৮ জুন, ২০২৬

অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা (টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস-টিপিএস) নিয়ে বসবাসরত অভিবাসীদের স্থায়ীভাবে থাকার আইনি পথ খুঁজতে অথবা নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কওয়েন মুলিন।

রোববার (২৮ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক রায়ের পর মুলিনের এই মন্তব্য আসে। ওই রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে টিপিএস সুবিধাপ্রাপ্ত লাখ লাখ হাইতি ও সিরিয়ার নাগরিকের মানবিক সুরক্ষা মর্যাদা বাতিলের অনুমতি দেওয়া হয়েছে।

সাক্ষাৎকারে মুলিন বলেন, “অভিবাসীদের হয় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার চেষ্টা করতে হবে, নতুবা আমরা তাদের নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”

তিনি জানান, স্বেচ্ছায় ফিরে যেতে আগ্রহীদের বিমানের টিকিটের পাশাপাশি নতুনভাবে জীবন শুরু করার জন্য প্রায় ২ হাজার ১০০ মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, “আদালতের রায় এবং কর্মসূচির নাম থেকেই স্পষ্ট, অস্থায়ী সুরক্ষা মর্যাদা কোনো স্থায়ী ব্যবস্থা নয়।”

যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য গুরুতর সংকটের কারণে নিজ দেশে নিরাপদে ফিরতে না পারা বিদেশি নাগরিকদের সাময়িকভাবে দেশটিতে বৈধভাবে বসবাস ও কাজের সুযোগ দেওয়া হয়। অতীতে এ সুবিধার মেয়াদ একাধিকবার বাড়ানো হলেও এবার তা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বর্তমানে হাইতি ও সিরিয়ায় ব্যাপক সহিংসতা, অপরাধ, সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়ে আসছে।

উল্লেখ্য, ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের পর হাইতির নাগরিকদের এবং ২০১২ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার নাগরিকদের জন্য প্রথমবারের মতো টিপিএস সুবিধা চালু করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ওহাইও অঙ্গরাজ্যে বসবাসরত হাইতিয়ান অভিবাসীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সুপ্রিম কোর্টের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ বিচারকরা রায়ে উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ জাতিগতভাবে পক্ষপাতদুষ্ট ছিল—এমন অভিযোগ আদালতে প্রমাণ হওয়ার সম্ভাবনা কম।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!