ভারতে গরুকে পশু হিসেবে বিবেচনা করার কঠোর সমালোচনা করে নতুন বিতর্ক উসকে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। ভারতীয় সনাতন ঐতিহ্যে গরু ‘মা’ হিসেবে পূজনীয় উল্লেখ করে তিনি বলেন, যারা গরুকে কেবলই একটি পশু মনে করেন, তারা প্রকারান্তরে গো-হত্যাকেই সমর্থন জোগাচ্ছেন।
একই সাথে ‘গোমাতার’ প্রতি যেন কোনো ধরনের অসম্মান প্রদর্শন করা না হয়, সে বিষয়ে মুসলিম ধর্মীয় নেতাদের তাঁদের অনুসারীদের সতর্ক করার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে জানা যায়, দেশটির বেশ কিছু মুসলিম সংগঠন ও ধর্মীয় নেতা গরুকে ভারতের ‘জাতীয় পশু’ ঘোষণার দাবিতে সরব হয়েছেন। এর মধ্যে ‘জমিয়ত উলেমা-এ-হিন্দ’-এর সভাপতি মৌলানা আরশাদ মাদানির মতো শীর্ষস্থানীয় নেতারাও রয়েছেন। এই দাবি আদায়ে দেশটির বেশ কিছু জায়গায় বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার এক সরকারি অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ সেই প্রসঙ্গ টেনে এই হুঁশিয়ারি বার্তা দেন। তিনি বলেন, ‘মায়ের সম্মান রক্ষা করার কথা কোনো সন্তানকে আলাদা করে বা নতুন করে শিখিয়ে দিতে হয় না। এ দেশের কোটি কোটি মানুষ নিজের জন্মদাত্রী মা এবং গরুকে সমান শ্রদ্ধার চোখে দেখেন।’
মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, ‘গরু আমাদের মা, সে নিছক কোনো সাধারণ চতুষ্পদ জন্তু বা পশু নয়। যারা গোমাতাকে কেবলই পশু বলে আখ্যা দেন, বুঝতে হবে তাদের মানসিকতাই আসলে পাশবিক। গোমাতা আমাদের কাছে রাষ্ট্র মাতা। আর এই সত্য প্রতিষ্ঠার জন্য কোনো প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক ঘোষণার মুখাপেক্ষী হতে হয় না।’
আদিত্যনাথ বর্তমানের আন্দোলনের সমালোচনা করে বলেন, ‘আজকাল অনেকেই রাজনৈতিক বা কৌশলগত কারণে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি তুলছেন। কিন্তু আমাদের কাছে গরু কোনো পশুর তালিকায় পড়ে না, তিনি আমাদের মাতা। গরুর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের সম্পর্ক জন্মান্তরের।’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

