AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে ভোট আজ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:২২ এএম, ২ জুন, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে ভোট আজ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন আজ মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে স্থানীয় সময় সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

এ নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মুখোমুখি হচ্ছেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস. কাকোরিস।

দীর্ঘ প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আবারও প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, বাংলাদেশ কয়েক বছর আগে থেকেই এ পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে প্রার্থীতা নিয়ে পরিবর্তন এলেও শেষ পর্যন্ত ড. খলিলুর রহমানকে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি প্রতি বছর সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের গোপন ভোটে নির্বাচিত হন। ১৯৩টি সদস্য দেশের প্রত্যেকটির একটি করে ভোট রয়েছে। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী প্রার্থী নির্বাচিত হন।

বাংলাদেশ সরকার এ নির্বাচনে ইতিবাচক ফলাফলের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে। সোমবার (১ জুন) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশ এ নির্বাচনে শক্ত অবস্থানে রয়েছে এবং দেশের প্রার্থীর আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

তিনি আরও বলেন, এ নির্বাচনে জয়ী হলে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন সুযোগ সৃষ্টি হবে এবং এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!