দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা দেওয়ার পরই ইসরায়েল এ হামলা চালায়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় কয়েকজন শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই অন্যতম বড় হামলা। তাদের দাবি, রাতভর অভিযানে হিজবুল্লাহর ১০০টির বেশি অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সোমবার (২৫ মে) নেতানিয়াহু বলেছিলেন, তিনি হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ‘আরও কঠোর পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, ইসরায়েল ‘লেবাননে আমাদের অভিযান আরও তীব্র করছে’।
তিনি বলেন, আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) স্থলভাগে বিশাল বাহিনী নিয়ে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ এলাকা দখল করছে। উত্তর ইসরায়েলের জনবসতিগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে রক্ষা করার জন্য তারা ‘নিরাপত্তা অঞ্চলকে শক্তিশালী’ করছে।
উল্লেখ্য, উভয় পক্ষই বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের জন্য চলমান জটিল আলোচনাকে ব্যাহত করার আশঙ্কা তৈরি করেছে।
এর আগে, মঙ্গলবার যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় থাকা নৌযানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সূত্র: বিবিসি
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

