যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তি সম্পন্ন হলে তার ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালিতে পেতে রাখা মাইন অপসারণ শুরু করবে ইরান। নির্ধারিত সময় শেষে বিশ্বের সব দেশের বাণিজ্যিক ও পণ্যবাহী জাহাজ নিরাপদ ও অবাধে এই আন্তর্জাতিক জলপথ ব্যবহার করতে পারবে।
চুক্তির সম্ভাব্য শর্ত অনুযায়ী, ভবিষ্যতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে অতিরিক্ত ট্রানজিট ফি আদায় থেকেও বিরত থাকবে তেহরান।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে প্রণালিটি ঘিরে উত্তেজনা আন্তর্জাতিক বাজারেও বড় প্রভাব ফেলে।
এদিকে শান্তি আলোচনার মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং সমুদ্রপথে মাইন পেতে রাখার চেষ্টায় থাকা ইরানি নৌযানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
মার্কিন বাহিনীর দাবি, এটি ছিল ‘আত্মরক্ষামূলক’ অভিযান এবং ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই হামলা পরিচালনা করা হয়েছে।
অন্যদিকে, ইরান জানিয়েছে, চলমান আলোচনায় কিছু অগ্রগতি হলেও দ্রুত কোনো চূড়ান্ত সমঝোতা বা শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা এখনো স্পষ্ট নয়।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

