যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা চলাকালেই ইউরেনিয়াম ইস্যুতে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি প্রায় অস্ত্রমানের সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে না পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে ইরানের দুটি সূত্রের বরাতে বলা হয়, তেহরানের শীর্ষ নেতৃত্ব মনে করছে—সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে সরিয়ে নিলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য হামলার মুখে দেশটি দুর্বল অবস্থায় পড়তে পারে। এ কারণে ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে আপত্তি জানিয়েছেন খামেনি।
চলমান আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান দাবি ছিল, ইরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বিদেশে স্থানান্তর করতে হবে। তবে ইরানের সাম্প্রতিক অবস্থান সেই আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই পক্ষের মধ্যে অবিশ্বাস এখনো কাটেনি। ইরানি কর্মকর্তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ও গোপনে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। দেশটির আলোচক মোহাম্মদ বাকের কালিবাফও একই ধরনের আশঙ্কার কথা জানিয়েছেন।
অন্যদিকে বৃহস্পতিবার (২২ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ওই সক্ষমতা তাদের হাতে থাকতে দেওয়া হবে না। প্রয়োজন হলে আমরা সেটি ধ্বংস করব।”
ইসরায়েলও এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনও বন্ধ করতে হবে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার সময় দেশটির কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজির বেশি ইউরেনিয়াম ছিল। বর্তমানে এর কতটুকু অবশিষ্ট রয়েছে, তা নিশ্চিত নয়।
আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি এর আগে জানান, অবশিষ্ট ইউরেনিয়ামের বড় অংশ ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের একটি টানেল কমপ্লেক্সে সংরক্ষিত থাকতে পারে। সংস্থাটির ধারণা, সেখানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এছাড়া নাতাঞ্জ পারমাণবিক কমপ্লেক্সেও কিছু মজুত থাকতে পারে বলে মনে করছে আইএইএ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

